ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি শেখ জাহিদুল ইসলাম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, শেখ জাহিদুল ইসলামকে রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একই আদেশে ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) বিভাগে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

এর আগে গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। একই দিনে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। তবে শনিবারের আদেশের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে রমনা বিভাগের দায়িত্ব দেয়া হলো।

শেখ জাহিদুল ইসলাম এর আগে একটি আলোচিত অভিযানের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালান তিনি। ওই অভিযানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়।

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ওই পুলিশ কর্মকর্তার বহিষ্কারের দাবিও তোলা হয়েছিল। এরপর থেকেই তিনি ব্যাপক আলোচনায় আসেন। ডিএমপির গুরুত্বপূর্ণ রমনা বিভাগের দায়িত্ব পাওয়ায় প্রশাসনিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।