রামিসা হত্যার তদন্ত সংশ্লিষ্টসহ ভালো কাজের পুলিশকে পুরস্কার দেয়া হচ্ছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পেশাদারিত্ব, দক্ষতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৮ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: আইফোন ছিনিয়ে নিতে নির্জন জঙ্গলে অপ্রতিম, পুলিশের দাবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল, দৌলতদিয়া ফেরিঘাটে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণরক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যা সংক্রান্ত ক্লুলেস মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন।

আরও পড়ুন: ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান

মন্ত্রণালয়ের মতে, এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ইতিবাচক কর্মপ্রেরণা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জনসেবা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখা সদস্যদের সম্মাননা প্রদান কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের আস্থা অর্জনেও সহায়ক হবে।