সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠান

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভালো কাজের যথাযথ মূল্যায়ন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনকারী বাছাই করা ৪০ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক কাজের নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একই অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক।

আরও পড়ুন: কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন পদে রদবদল

সারা দেশের প্রতিটি বিভাগে কমিটি গঠনের মাধ্যমে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই করা হয়। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাঁচটি করে এবং অন্যান্য বিভাগের তিনটি করে ফায়ার স্টেশনকে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ ফায়ার স্টেশন নির্বাচনে বিভিন্ন ধরনের মানদণ্ড বিবেচনা করা হয়। এর মধ্যে ছিল পাম্প ড্রিল, ডেলিভারি হোজ লে-আউট, ফায়ারফাইটিং স্যুট ও বিএ সেট পরিধানের দক্ষতা, দ্রুত পোশাক পরিধান, উদ্ধারকারী যন্ত্রপাতি পরিচালনা, লেডার ক্লাইম্বিং ও সম্মিলিত ড্রিল।

এ ছাড়া বিভিন্ন রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন, দৈনন্দিন কার্যক্রম, স্টেশনের জ্বালানির হিসাব, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ, নিয়মিত গণসংযোগ ও টপোগ্রাফি, শৃঙ্খলা, বদলি ও সংযুক্তির আদেশ যথাসময়ে কার্যকর করা এবং স্টেশন ও ব্যারাকের পরিষ্কার-পরিচ্ছন্নতাকেও মূল্যায়নের আওতায় রাখা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে পুলিশ সুপার নিয়োগসহ ঊর্ধ্বতন রদবদল

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত স্টেশনের শৃঙ্খলার মান এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জ্ঞানও বাছাইয়ের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত ৪০ কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন মহাপরিচালক।

মহাপরিচালকের প্রশংসা পাওয়া তিনজন এবং পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মকর্তা অনুষ্ঠানে নিজেদের প্রতিক্রিয়া জানান। রাজশাহী জেলার উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন এমন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন পদোন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করে মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি ফায়ার সার্ভিসের সদ্য মৃত্যুবরণকারী একজন ড্রাইভার ও একজন ইন্সপেক্টরকে স্মরণ করেন।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং অধিদপ্তরের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রমের প্রশংসা করেন। সেবার মান আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের নির্দেশনাও দেন তিনি। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তর ও বিভিন্ন বিভাগের উপপরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। বিভাগ ও জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।