সেভিয়াকে হারিয়ে লিগে দ্বিতীয় জয় অ্যাটলেটিকো মাদ্রিদের
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বিরতির আগেই তিন গোল করে ম্যাচটা নিজেদের করে নেয় দিয়েগো সিমিওনের দল। শেষ পর্যন্ত শনিবার সেভিয়াকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় দ্বিতীয় জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো।
রামোন সানচেজ-পিসহুয়ানে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাটলেটিকো। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই আলেক্স বায়েনার গোলে এগিয়ে যায় সফরকারীরা।
আরও পড়ুন: হালান্ড-চেরকির জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিল ম্যানসিটি
আক্রমণভাগে আদেমোলা লুকম্যান, কাং-ইন লি, বায়েনা ও জুলিয়ানো সিমিওনের সমন্বয় সেভিয়ার রক্ষণে শুরু থেকেই সমস্যা তৈরি করে। একের পর এক আক্রমণে স্বাগতিকদের চাপে রাখে অ্যাটলেটিকো।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান আরও বাড়ান বায়েনা। নিজের ব্যক্তিগত নৈপুণ্যের দারুণ প্রদর্শন করে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর পাবলো বারিওসের পাস থেকে অ্যাটলেটিকোর হয়ে তৃতীয় গোলটি করেন লুকম্যান। ফলে বিরতিতে ৩-০ গোলের বড় লিড নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
আরও পড়ুন: রাফিনিয়ার গোল, বার্সেলোনার টানা দ্বিতীয় জয়
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেভিয়া। ম্যাচের ৬৬তম মিনিটে মিগেল সিয়েরার গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর আক্রমণের গতি বাড়িয়ে অ্যাটলেটিকোর ওপর চাপ তৈরির চেষ্টা করে লুইস গার্সিয়া প্লাজার দল।
তবে সেভিয়াকে আর ম্যাচে ফিরতে দেয়নি অ্যাটলেটিকো। নিজেদের রক্ষণ সামলে বাকি সময়টা বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করে সিমিওনের দল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এ নিয়ে চলতি লা লিগায় তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে মৌসুমের শুরুতে রায়ো ভায়েকানো ও অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয় পাওয়া সেভিয়া এবারই প্রথম হারের মুখ দেখল।





