মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ২৭ মে ২০২৫ | আপডেট: ৯:২০ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময়  মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

আরও পড়ুন: আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে লিগ্যাল নোটিশ

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম জামাল উদ্দীন (মৃত)। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

এ ঘটনায় মিরপুর মডেল ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারি উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও চলছে কোরবানি

তিনি আরও জানান, সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।