রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভোটের দিনে দূরপাল্লার যান চলাচলে ছাড়, বন্ধ থাকবে মোটরসাইকেল
নিহতের স্বজনরা জানান, সিয়াম একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: কারাইল বস্তিতে শিশুদের মধ্যে বই বিতরণ ও আই-ক্যাম্প পরিদর্শন করলেন জুবাইদা রহমান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিচে নিক্ষেপ করা হয়েছে। ককটেল নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।





