ঢাকা-৮ আসনে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা, সেনাবাহিনী আসার পর পরিস্থিতি স্বাভাবিক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই এজেন্ট ভোটকেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টা হলেও শাপলা প্রতীকের পোলিং এজেন্ট গোলাম মোস্তফাকে তখন পর্যন্ত কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

গোলাম মোস্তফা নাসির উদ্দিন পাটোয়ারীর শাপলা প্রতীকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট। তিনি জানান, তার কাছে সব ধরনের বৈধ পরিচয়পত্র ও অনুমোদন থাকা সত্ত্বেও তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার অভিযোগ, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে বাধা দিয়েছেন।

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গোলাম মোস্তফা বলেন, “ভোট শুরুর সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমি বৈধ পোলিং এজেন্ট হওয়া সত্ত্বেও পুলিশ কোনো সহযোগিতা করছে না। কেন আমাকে আটকানো হচ্ছে—এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলছে না।”

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রে পৌঁছে হস্তক্ষেপ করে। পরে তাদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে গোলাম মোস্তফাকে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত জানার চেষ্টা করছেন। প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।