শাহরিয়ারের পান বিক্রেতা নগদ বিতরণের ভিডিও ভাইরাল, ফেসবুকে মানবিক আবেদন
জামায়াতে ইসলামীর ঢাকা-১৫ আসনের প্রার্থী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি মিরপুরের রাস্তায় পান বিক্রি করা এক ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং পরে তার হাতে এক হাজার টাকার নোট তুলে দেন।
ভিডিওতে দেখা যায়, শাহরিয়ার কবির বিক্রেতাকে জিজ্ঞেস করেন, ব্যবসা কেমন চলছে। বিক্রেতা জানান, “মোটামুটি।” উত্তরে প্রার্থী বলেন, “মোটামুটি কেন?” এরপর তিনি ব্যক্তিকে আল্লাহর ওপর আস্থা রাখতে পরামর্শ দেন। ভিডিওর শেষে তিনি ওই ব্যক্তিকে নগদ অর্থ দেন।
আরও পড়ুন: ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন মাহমুদুর রহমান মান্না
নির্বাচনী আচরণবিধি ২০০৮ অনুযায়ী, ভোটের আগে কোন প্রার্থী কোনো ব্যক্তিকে, গোষ্ঠীকে বা প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোন প্রকার অনুদান বা চাঁদা দিতে পারবে না। এই ভিডিও প্রকাশিত হওয়ায় অনেকেই আইনগত দিকটি তুলে ধরেছেন।
সমালোচনার প্রেক্ষিতে শাহরিয়ার কবির তার ফেসবুক পেজে ‘মানবিক আবেদন’ শিরোনামে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, এটি একটি মানবিক সাহায্য ছিল, নির্বাচনী প্রচারণার অংশ নয়। তিনি উল্লেখ করেন, একই দিনে তিনি বাচ্চাদের জন্য কিছু টাকা দানও করেছেন। সাংবাদিক ও সামাজিক মাধ্যমকে তিনি বিষয়টি অন্যভাবে দেখানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং মানুষ হিসেবে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন: লীগ অ্যাক্টিভ, সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের
শাহরিয়ার কবির বলেন, “আমি অত্যন্ত মর্মাহত ও শোকাহত এমন দুর্বৃত্তায়নের জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে ও সকলকে এমন দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করুক। তারপরও মানুষ হিসেবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”





