ক্রিকেট রাজনীতিতে গুগলি, সিদ্ধান্ত পাল্টালো পাকিস্তান

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্রিকেট রাজনীতিতে চলছে গুগলি। মুহুর্মুহু পাল্টে যাচ্ছে সেই রাজনীতির দৃশ্যপট। আগে থেকেই এই রাজনীতি ছিল। কিন্তু বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সেই রাজনীতি আরো নোংরা হয়ে ওঠে। ধরা পড়ে ক্রিকেটেও ভারত কিভাবে আধিপত্য বিস্তার করছে। তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে একজন ব্যক্তি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল আসরে কেকেআর থেকে অপমানজনকভাবে সরিয়ে দেয়। এটা একজন মোস্তাফিজুর নন, বরং তা বাংলাদেশের মুখে চপেটাঘাতের মতো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির অনুরোধ ও এরপর আইসিসির ইতিবাচক বিবৃতির পর, বিষয়টি একরকম প্রত্যাশিতই ছিল। অল্প সময়ের মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণাও চলে এলো। অনেক টানাপোড়েনের পর, চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত জানাল পাকিস্তান।

আরও পড়ুন: ক্ষতিপূরণসহ বাংলাদেশকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকেই বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে তাদের দল। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরে সরাসরিই বলেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। অনিশ্চয়তায় কেটে যায় আট দিন, চারিদিকে চলতে থাকে অনেক আলোচনা-সমালোচনা, অবশেষে বিসিবি-আইসিসি-পিসিবির বৈঠকে সমাধানের পথ মেলে। 

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ফ্লোরিডা নিয়ে সতর্কতা, ‘অনিরাপদ গন্তব্য’ বলছে সংস্থাগুলো

এরপরই পাকিস্তান সরকারের পক্ষ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সোমবার রাতে বিবৃতিতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় তারা।

“বিসিবির পক্ষ থেকে পিসিবিকে করা অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও (আইসিসির) অন্যান্য সদস্য দেশের একইরকম বার্তা পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার। এসব বার্তায় পাকিস্তান সরকারের প্রতি সাম্প্রতিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার অনুরোধ জানানো হয়।”

“বহুপাক্ষিক আলোচনায় যা কিছু উঠে এসেছে, তার ভিত্তিতে এবং বন্ধুপ্রতীম দেশগুলোর অনুরোধের ভিত্তিতে, পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচিতে মাঠে নামার নির্দেশনা দিচ্ছে।”