বিশ্বকাপের আগে ফ্লোরিডা নিয়ে সতর্কতা, ‘অনিরাপদ গন্তব্য’ বলছে সংস্থাগুলো

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৩৯ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের সবচেয়ে বড় অংশ আয়োজনের দায়িত্ব থাকায় যুক্তরাষ্ট্রের দিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব ফুটবল অঙ্গন। তবে অভিবাসন নীতিমালা ঘিরে চলমান অস্থিরতার মধ্যে এবার বিশ্বকাপের ভেন্যু শহর ফ্লোরিডাকে ‘অনিরাপদ গন্তব্য’ হিসেবে উল্লেখ করে বিদেশি ভ্রমণকারীদের সতর্ক করেছে একাধিক নাগরিক ও মানবাধিকার সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠন সম্মিলিতভাবে ফ্লোরিডায় ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে। তাদের অভিযোগ, কড়াকড়ি অভিবাসন আইন কার্যকরের ফলে আন্তর্জাতিক পর্যটকদের ক্ষেত্রে বর্ণভিত্তিক প্রোফাইলিং, ত্রুটিপূর্ণ আটক এবং সেখান থেকে বিতাড়নের ঝুঁকি বেড়েছে।

আরও পড়ুন: ফাহিম আশরাফের ঝড়ো ইনিংসে পাকিস্তানের নাটকীয় জয়

সংস্থাগুলোর পক্ষ থেকে ফ্লোরিডায় ভ্রমণকারীদের সবসময় বৈধ পরিচয়পত্র বহন, নিজ নিজ দেশের কনস্যুলেটে ভ্রমণ পরিকল্পনার নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইন প্রয়োগে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লোরিডায় ভ্রমণ পুনর্বিবেচনারও পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসা পেটিট এক বিবৃতিতে বলেন, ফ্লোরিডা এখন আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিরাপদ গন্তব্য নয়। দর্শনার্থী ও বাসিন্দাদের কোনো কারণ ছাড়াই আটক করা হতে পারে এবং চেহারা, ভাষা কিংবা উচ্চারণের ভিত্তিতে তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে।

আরও পড়ুন: ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান শ্রীলঙ্কার

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফ্লোরিডার ট্যুরিজম সংস্থা ‘ভিজিট ফ্লোরিডা’। সংস্থাটির প্রেসিডেন্ট ও সিইও ব্রায়ান গ্রিফিন বলেন, এই ধরনের সতর্কতা হাস্যকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে অকারণে আমাদের রাজ্য ও পর্যটন শিল্পের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। আইনসম্মতভাবে আগত দর্শনার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

তার দাবি, ফ্লোরিডা প্রতিদিনই লক্ষাধিক পর্যটককে স্বাগত জানায় এবং বিশ্বকাপ উপলক্ষে রাজ্যটি নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দিতে প্রস্তুত।

এদিকে অভিবাসন বিরোধী নীতিমালার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে আন্দোলনরত দু’জন নিহত হওয়ার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট সাতটি ম্যাচ।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে। বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি আয়োজক দেশগুলোর অভ্যন্তরীণ অস্থিরতাও ভাবিয়ে তুলছে ফুটবলভক্তদের।