কারওয়ান বাজারে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮ শিক্ষার্থী
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্লাইওভার থেকে নামার আগ মুহূর্তে বাসটির একটি চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনার শিকার হয় এবং একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: রমনায় আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ-বর্ষবরণ
দুর্ঘটনায় বাসের সামনের অংশে থাকা কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ডাকসুর নেতারা ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে অবস্থান করছেন এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন। তিনি সবার কাছে আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
আরও পড়ুন: উৎসবমুখর আয়োজনে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সম্পন্ন
ডাকসুর ভেরিফায়েড ফেসবুক পেজেও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ পরিবহনের একটি বাস মহাখালী-কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের পাশে দাঁড়াতে ডাকসু নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়েছেন।
ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে জানানো হবে। দুর্ঘটনায় আহতরা বর্তমানে ঢাকার বিভিন্ন স্বনামধন্য হসপিটালে চিকিৎসাধীন আছেন।





