২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম
ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরি আবার ২ লাখ ৬২ হাজার টাকায় পৌঁছেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বর্ণের দাম কমানোর ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই বাজুস সর্বোচ্চ ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দেয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
আরও পড়ুন: এলপি গ্যাসের ভ্যাট কমালো সরকার, বাজারে দাম কমার আশা
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বিশ্ববাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলারে। আগের দিন এই দাম ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
এর আগে ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল, আর ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার।
বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় গত মাসের শেষ দিকে দেশের বাজারেও রেকর্ড পরিমাণে দাম বাড়ে। ২৯ জানুয়ারি সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এক ধাপে এত বড় অঙ্কে স্বর্ণের দাম বাড়ানোর নজির আগে দেখা যায়নি।





