বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম কমলো
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫৯ দশমিক ৩৭ মিলিয়ন বা ২৯ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর বিপিএম-৬ পরিমাপ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ পাওয়া যায়।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: ১২ ঘণ্টার মধ্যেই কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৫৮ হাজার টাকা
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ডলারের দর স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।
তিনি আরও বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার ফলে একদিকে রিজার্ভ বাড়ছে, অন্যদিকে ডলারের দরও স্থিতিশীল থাকছে।





