আজ থেকে দেশজুড়ে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৪ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়তি সরবরাহ দেওয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) রাতে বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলমান চাহিদা ও সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

আরও পড়ুন: চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের একযোগে পদত্যাগ

বিপিসির তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে ডিজেল ২ লাখ ৮২২ টন, কেরোসিন ২ হাজার ৩৭৯ টন, পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন, অকটেন ২০ হাজার ৪১২ টন, ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন।

শুধু ১৮ এপ্রিল একদিনেই বিক্রি হয়েছে ১২ হাজার ১৩১ টন ডিজেল, ১০৫ টন কেরোসিন, ১ হাজার ২৫৬ টন পেট্রোল, ১ হাজার ২১৯ টন অকটেন, ২ হাজার ৯১২ টন ফার্নেস অয়েল এবং ১ হাজার ৯০১ টন জেট ফুয়েল।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা

গত বছরের একই সময়ে মোট জ্বালানি বিক্রি হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৯৬ টন, যা চলতি বছরের তুলনায় কম।

এদিকে, ১৮ এপ্রিল জ্বালানির দামও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ডিজেল প্রতি লিটার ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা করা হয়েছে।

সরকারের এই উদ্যোগে বাজারে জ্বালানির সরবরাহ কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।