ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ১৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। আগামী সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত ব্যাংকের সব নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: টেকসই প্রবৃদ্ধি ও শরী‘আহভিত্তিক ব্যাংকিং লক্ষ্য নিয়ে এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) দেশের তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকসমূহে সাধারণ ছুটি কার্যকর থাকবে।

তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে চালু থাকবে।

আরও পড়ুন: ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা অনুষ্ঠিত

এসব শাখায় অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।