পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন-এর কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ। তিনি জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: শিক্ষকদের দাবি আদায়ে আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে এবং দায়িত্ব পালনকালে একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছানো গেছে বলে তিনি মনে করেন। এ প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারী : ইতিহাস-বাস্তবতার আড়ালে পূর্ণতা কতটুকু
তবে তিনি একই সঙ্গে বলেন, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। সরকার ও সংশ্লিষ্ট অংশীজনেরা যদি প্রয়োজন মনে করেন, তাহলে হঠাৎ কোনো শূন্যতা তৈরি না হওয়ার স্বার্থে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়টিও তিনি বিবেচনা করতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নতুন রাজনৈতিক বাস্তবতায় সরকার যেন নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারে—সেই সুযোগ তৈরি করতেই তিনি সরে দাঁড়াতে চান। পাশাপাশি, ডেপুটেশন শেষ করে দ্রুত নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে ফেরার অনুমতিও সরকারের কাছে প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আরও আনুষ্ঠানিক ঘোষণা আসার পর পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





