‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে ইরান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সংঘাত শুরু হতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত হতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে ইরান আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠন করছে এবং সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে—এ দাবি করেছেন ইরানের প্রভাবশালী বিরোধী নেতা আলিরেজা জাফরজাদেহ।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

স্যাটেলাইট ছবিতে পুনর্গঠনের ইঙ্গিত

ওয়াশিংটনে অবস্থিত ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (এনসিআরআই)-এর দপ্তরের উপপরিচালক জাফরজাদেহ বলেন, নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরানের শাসকগোষ্ঠী তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কাজ দ্রুততর করেছে।

আরও পড়ুন: ইরানকে ১০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি টিকিয়ে রাখতে চায়।

সম্প্রতি প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি—ইস্পাহান কমপ্লেক্সে পুনর্গঠনের কাজ চলছে। গত বছর এসব স্থাপনায় মার্কিন হামলার ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে।

আলোচনার মধ্যেই উত্তেজনা

জাফরজাদেহ বলেন, বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক, কারণ একই সময়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসেছে। আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা।

মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতির খবরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।