ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির আবেদন শুরু
রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (১০ জুন) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলা, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.dcu.ac.bd-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, পরীক্ষা নয়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৬ সেপ্টেম্বর থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
আরও পড়ুন: ঢাবিতে বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১৭ জুলাই বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ফল প্রকাশের তারিখ
ভর্তি বিজ্ঞপ্তিতে আগাম ফল প্রকাশের তারিখও জানানো হয়েছে। এর মধ্যে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ফলাফল ১৪ জুলাই প্রকাশ করা হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ করা হবে ২০ জুলাই।
সাত কলেজ নিয়ে যাত্রা শুর
শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের পর প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবার প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাতটি সরকারি কলেজ হলো—
- ঢাকা কলেজ
- ইডেন মহিলা কলেজ
- সরকারি তিতুমীর কলেজ
- সরকারি বাঙলা কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- কবি নজরুল সরকারি কলেজ
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনের যোগ্যতা ও ইউনিটভিত্তিক বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।





