এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ২:৪৬ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা আজ বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। এর ফলে চলতি জুলাই মাসের বেতন থেকেই তারা বর্ধিত হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হওয়ায় এটি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দ্বিতীয় ধাপের বর্ধিত ভাতা কার্যকর হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন হারে এই সুবিধা পাবেন।

আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা চালু করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত হলো।

জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়। পরে জারি করা প্রজ্ঞাপনে সরকারের বাজেট সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা কার্যকর করা হয়। একই সঙ্গে সর্বনিম্ন বাড়ি ভাড়া ভাতা ২ হাজার টাকা নির্ধারণ করা হয়। দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত করে মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাতার পরিমাণ আগের মতোই ২ হাজার টাকা বহাল রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা কিছুটা বাড়াবে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বাসাভাড়ার ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত তাদের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দ্বিতীয় ধাপের এই সুবিধা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ায় দেশের হাজারো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী চলতি মাসের বেতন থেকেই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা পাবেন।