ঢাবি ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেলেন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ শিক্ষার্থী

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ট্রাস্ট ফান্ডের আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ থেকে অর্থনীতি বিভাগের পাঁচজন এবং ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড’ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

আরও পড়ুন: শিবিরের সাংগঠনিক দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরদৌসি নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাছিমা খাতুনসহ দুই ট্রাস্ট ফান্ডের দাতা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে প্রশাসন নানা উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে। তবে শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এজন্য অ্যালামনাই ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

তিনি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও চিকিৎসা তহবিল গঠনের পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়নে আরও বেশি করে এগিয়ে আসার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধির লক্ষ্যে দাতা প্রতিনিধিরা উপাচার্যের হাতে ১ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— আফরিনা ইসলাম আনিকা, সামিহা সারা, জুনাইদ হোসাইন আদনান, তাহসিন ফুয়াদ ত্বহা ও সুদেব চাকমা।

অন্যদিকে ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড’-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মোছা. সাদিয়া খাতুন, মো. জিল্লুর রহমান, মো. আবির হোসেন, তারিকুল ইসলাম, রিতু রানী সাহা এবং ফারহানা পারভীন।