জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

Any Akter
আরাফাত চৌধুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ১:১১ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় (বিশেষ সভা) এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো-বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E।

আরও পড়ুন: শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাবির হল থেকে শিবিরকর্মী বহিষ্কার

ভর্তি পরীক্ষার সময়সূচি:

সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট- A-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার), চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার), কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B-এর ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি ২০২৭ (শুক্রবার), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C-এর ভর্তি পরীক্ষা ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D-এর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার) অনুষ্ঠিত হবে।

সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহর ঢাকায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে নেওয়া হবে।

আবেদনকারীদের যোগ্যতা:

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A-এ আবেদনের ক্ষেত্রে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।

কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C-এর জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। একই সঙ্গে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।

চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E-এর ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

এছাড়া সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস শুরু হবে ৪ এপ্রিল ২০২৭ থেকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। ###