সএসসি ২০২৬: ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৫৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার এসব প্রতিষ্ঠান থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬০৭ জন জিপিএ-৫ পেয়েছে। ফলে ক্যাডেট কলেজগুলোর জিপিএ-৫ প্রাপ্তির হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২২ শতাংশে।

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য অর্জন নয়, বরং দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও প্রতিষ্ঠানগুলো গুরুত্ব দিয়ে থাকে।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

এ লক্ষ্যে ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্যাডেটদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে এসব প্রতিষ্ঠানে নিয়মিতভাবে যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত করা হচ্ছে।

ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক ও অনুষদ সদস্যদের নিয়মিত তদারকি, ক্যাডেটদের অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনার ভূমিকা রয়েছে। পাশাপাশি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাও এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ আবারও ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর খবরে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

কর্তৃপক্ষের মতে, একাডেমিক ফলাফলের পাশাপাশি ক্যাডেটদের চরিত্র, নেতৃত্বের গুণাবলি ও দায়িত্বশীলতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর অন্যতম প্রধান লক্ষ্য।