ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি বা বডিওর্ন ক্যামেরা বসাচ্ছে না ইসি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বা বডিওর্ন ক্যামেরা ব্যবহারের কোনো উদ্যোগ নিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো করণীয় নেই।

গত ৮ সেপ্টেম্বর ইসির উপসচিব রাশেদুল ইসলামের স্বাক্ষর করা এক চিঠিতে এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। এতে বলা হয়, গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লজিস্টিকসহ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে অনুষ্ঠিত সভার আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে এবং এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবকেও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, তফসিল ঘোষণার প্রস্তুতি

উল্লেখ্য, গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। ওই নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

ইসি জানিয়েছে, এবার ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে যাবে এবং ভোটকক্ষ প্রায় ২ লাখ ৮০ হাজার হতে পারে। এছাড়া আসন্ন নির্বাচনে মোট ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন নির্বাচন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো হয়নি, স্থানীয় নির্বাচনও সরকারের নির্দেশের অপেক্ষায় ইসি