দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছে ইসির প্রতিনিধি দল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, স্বচ্ছ ভোট পরিচালনা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, ভোটগ্রহণ পদ্ধতি এবং প্রশাসনিক সমন্বয় প্রত্যক্ষ করতে তারা দেশটির ন্যাশনাল ইলেকশন কমিশনের আমন্ত্রণে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য “ইন্টারন্যাশনাল ইলেকশন অবজারভেশন প্রোগ্রাম (IEOP)”–এ অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে তারা দেশটির ৯ম নেশনওয়াইড সিমালটেনিয়াস লোকাল ইলেকশন পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। 

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, তফসিল ঘোষণার প্রস্তুতি

এ বিষয়ে গত ৪ মে নির্বাচন কমিশনের উপসচিব জি এম শাহতাব উদ্দিন স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন— নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রারাফুল আলম।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন বৈশ্বিক গণতান্ত্রিক চর্চা ও নির্বাচন পরিচালনার আধুনিক কৌশল সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো হয়নি, স্থানীয় নির্বাচনও সরকারের নির্দেশের অপেক্ষায় ইসি

সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দল আগামী ২৭ মে ঢাকা ত্যাগ করবে এবং ৭ জুন দেশে ফিরবে। সফরকালে তাদের আবাসন, খাবার ও স্থানীয় যাতায়াত ব্যয় বহন করবে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (NEC)।