মিস ইউনিভার্সের মঞ্চে রেকর্ড করতে যাচ্ছেন ফিলিস্তিনি কন্যা
দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন। দেশটির প্রতিনিধিত্ব করবেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। তিনি আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের হয়ে অংশ নিচ্ছেন।
২৭ বছর বয়সী নাহিন আইয়ুব ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। তিনি শুধু একজন মডেল নন, মানবিক কর্মী হিসেবেও পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের দুর্দশা ও সংগ্রামের চিত্র বিশ্বে তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম
সম্প্রতি ইনস্টাগ্রামে নাহিন লিখেছেন, “গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।”
মিস ইউনিভার্সে ফিলিস্তিনের অংশগ্রহণ এমন এক সময়ে ঘটছে, যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আরও পড়ুন: প্রথম প্রেমের গল্পে নিলয়–হিমি
বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এই প্রেক্ষাপটে নাহিন আইয়ুবের অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে।
উল্লেখ্য, ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এতে ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে আগ্রহ প্রকাশ করেছে।





