মসজিদে অশোভন পোশাকে ভিডিও ধারণ, মডেল-ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা (ভিডিও)

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে এক মডেল ও এক ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা করেছে লাহোর পুলিশ। ওয়াল্ড সিটি অব লাহোর অথরিটির (ডাব্লিউসিএলএ) কর্মকর্তা মুহাম্মদ ওয়াইসের অভিযোগের ভিত্তিতে আকবরি গেট থানায় এফআইআর দায়ের করা হয়।

এতে মডেল আজবিয়া খান ও ফটোগ্রাফার জেইন শাহের নাম উল্লেখ করা হয়েছে, যাদের বিরুদ্ধে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম

পাকিস্তানি গণমাধ্যমকে ওয়াইস জানান, মডেল ‘অশোভন পোশাকে’ মসজিদের ভেতরে ভিডিও ধারণ করেছেন এবং এর জন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেননি। মসজিদের পবিত্রতা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে।


আরও পড়ুন: বিজয়ের জন্মদিনে তৃষার ‘প্রেমময়’ ছবি ভাইরাল, সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা

ঘটনাটি ঘটে ১৩ আগস্ট, তবে বিষয়টি নজরে আসার পর ১৭ আগস্ট রাতে মামলা দায়ের করা হয়। তবে পুলিশ সূত্রের দাবি, বাদী অভিযুক্তদের ঠিকানা বা যোগাযোগের বিবরণ দেননি, এমনকি তাদের নামও যাচাই করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করার পর এবং কর্মকর্তারা আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালে এই এফআইআর নথিভুক্ত করা হয়। অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আওকাফ বিভাগের সেক্রেটারি ড. তাহির রাজা বুখারি বলেন, "এফআইআর দায়ের করা হয়েছে এবং ডাব্লিউসিএলএ বিষয়টি অনুসরণ করছে।"

প্রসঙ্গত, ওয়াজির খান মসজিদ ১৭শ শতাব্দীর মুঘল আমলের একটি স্থাপনা। মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে পাঞ্জাবের গভর্নর ওয়াজির খান এটি নির্মাণ করেন। ১৬৩৪ থেকে ১৬৪১ সালের মধ্যে নির্মিত মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টে অন্তর্ভুক্ত। বর্তমানে আগা খান ট্রাস্ট ফর কালচার ও পাঞ্জাব সরকারের তত্ত্বাবধানে এর সংস্কার কাজ চলছে।