পশ্চিমবঙ্গ ভোটে তারকাদের ‘পারিশ্রমিক বাণিজ্য’, বিস্ফোরক দাবি নির্মাতা শুভ্রজিৎ মিত্রের

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের। এমন সময় নির্বাচনী প্রচারে তারকাদের ভূমিকা ও পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক দাবি তুলেছেন টলিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, নির্বাচনী রোড-শোতে অংশ নেওয়ার জন্য অনেক তারকা ২ থেকে ৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ থেকে ৭ লাখ টাকা) পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তার ভাষ্য, এই প্রচার কোনো নিঃস্বার্থ জনসেবা নয়, বরং এটি একটি লাভজনক পেশা।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে এফআইআর বাতিল চেয়ে হাইকোর্টে আশু রেড্ডি, নথি তলব

শুভ্রজিৎ মিত্র আরও অভিযোগ করেন, অনেক তারকা নগদ অর্থ গ্রহণ করেন এবং পারিশ্রমিক হাতে না পাওয়া পর্যন্ত প্রচারে অংশ নেন না। তার দাবি, এসব তারকার অনেকেরই নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নেই; তারা পেশাদার হিসেবেই বিভিন্ন দলের হয়ে প্রচারে নামেন। শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের একটি পোস্টের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

এছাড়া তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনী প্রচারে ব্যয়ের পরিমাণ আরও বড় আকার ধারণ করে। প্রচারের বাজেট, হেলিকপ্টার ভাড়া এবং কর্মীদের ভাতার আড়ালে কোটি কোটি রুপির লেনদেন হয় বলে তার দাবি। তার মতে, মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে পুরো প্রচার প্রক্রিয়াই এখন একটি লাভজনক ব্যবস্থায় পরিণত হয়েছে।

আরও পড়ুন: লোকগাথা ও ইসলামী গল্পে দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি উদ্যোগ

এই আর্থিক লেনদেনের ওপর প্রশাসনিক নজরদারি চলছে বলেও উল্লেখ করেন এই নির্মাতা। তার দাবি, কেন্দ্রীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে তিনি জেনেছেন যে, প্রতিটি র‍্যালি ও সংশ্লিষ্ট নগদ লেনদেনের তালিকা তৈরি করা হচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এর প্রভাব দৃশ্যমান হতে পারে।

উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি—উভয় দলের পক্ষেই টলিউডের প্রথম সারির অনেক তারকাকে প্রচারে দেখা গেছে। দেব, শ্রাবন্তী, বনি-কৌশানি, সৌমিতৃষা কুণ্ডু, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরাসহ একাধিক তারকা বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এমন প্রেক্ষাপটেই তারকাদের পারিশ্রমিক নিয়ে এই বিস্ফোরক মন্তব্য সামনে এলো।