ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, প্রাণহানি ৫০০ ছুঁইছুঁই

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। ফলে প্রাণহানির সংখ্যা ৫০০ ছোঁয়ার কাছাকাছি পৌঁছেছে।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন: জনবল সংকটে বিপর্যস্ত স্বাস্থ্যসেবা

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৪৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। বর্তমানে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬০৬ জন ডেঙ্গু রোগী।