বিএমইউতে জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ পালিত

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“আধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে ‘জাতীয় ইউরোলজি দিবস ২০২৬’। বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস-এর উদ্যোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এই কর্মসূচিতে দেশের ইউরোলজি সেবার মানোন্নয়ন ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে সি-ব্লকে গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। র‍্যালিতে চিকিৎসক, নার্স ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন: বাটার সাথে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি

উদ্বোধনী বক্তব্যে ডা. মো. রফিকুল ইসলাম বলেন, “বিগত দুই দশকে বাংলাদেশে ইউরোলজি সেবায় অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে আধুনিক ইউরোলজি বিভাগগুলো অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এই দিবসটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক সেবার বিকাশ ঘটলেও গ্রামাঞ্চলে এই সেবা সমানভাবে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। দেশের সাধারণ মানুষের জন্য সুলভ ও আধুনিক ইউরোলজি সেবা নিশ্চিত করাই বর্তমান সময়ের মূল লক্ষ্য হওয়া উচিত।

আরও পড়ুন: দেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনুষ্ঠানে ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান। সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, ডা. নাবিদ আলম, ডা. সিরাজ, ডা. মুরাদসহ অন্যান্য জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।