ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার ইসরায়েলি। শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকোতের নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার মতো প্রয়োজনীয় আসন তাদের হাতে রয়েছে। আরব দলগুলোর আসন যুক্ত করলে বিরোধী জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ৬৭টিতে।
আরও পড়ুন: হামলা হলে সীমাহীন পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের
গত ২৭ অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পায়। ফলে নতুন সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে দলগুলো।
ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। কিন্তু নির্বাচনে কোনো দল বা জোটই এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: ইরানের ইউরেনিয়াম তৃতীয় দেশে সরানোর প্রস্তাব, আলোচনায় হরমুজ প্রণালি
নির্বাচনের আগে গাদি আইজেনকোত জানিয়েছিলেন, আরব দলগুলোর সঙ্গে তিনি জোট করবেন না। তবে নির্বাচনের পর পরিস্থিতি বদলেছে। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতার জন্য তাঁর ওপর চাপ বাড়ছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেলআবিবের বিক্ষোভে অংশ নেওয়া অনেকের মধ্যে নেতানিয়াহুকে সরকারপ্রধানের পদ থেকে সরানোর বিষয়ে তীব্র আবেগ ও আগ্রহ দেখা গেছে। বিক্ষোভকারীরা মনে করেন, আইজেনকোতসহ বিরোধী দলগুলোর নেতাদের তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
এদিকে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের দাবিতে বিক্ষোভের বিপরীতে রাস্তায় নামেন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের সমর্থকরাও। তাঁরা ‘সন্ত্রাসীদের’ সঙ্গে জোট করে ইসরায়েলে সরকার গঠন করতে দেওয়া হবে না বলে স্লোগান দেন।
নির্বাচনের পর সরকার গঠন নিয়ে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।





