যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার প্রভাব

আন্তর্জাতিক বাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্ন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার অগ্রগতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে চালু থাকার সম্ভাবনায় বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরেছে। এর প্রভাবেই তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

মঙ্গলবারের লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ০২ ডলার বা ২ দশমিক ৪ শতাংশ কমে ৮১ দশমিক ১৫ ডলারে নেমে আসে। লেনদেন চলাকালে একপর্যায়ে এর দাম ৮০ দশমিক ৮৯ ডলারে পৌঁছে, যা গত ৪ মার্চের পর সর্বনিম্ন।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ২২ ডলার বা ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়। একপর্যায়ে এর দাম ৭৮ দশমিক ২৭ ডলারে নেমে যায়, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ এবং সম্ভাব্য সমঝোতার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও তেল পরিবহন স্বাভাবিক থাকার সম্ভাবনা জোরদার হয়েছে। এতে বৈশ্বিক সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ কমেছে এবং বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চূড়ান্ত

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতার ইঙ্গিত দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক তেলবাজারে বড় ধরনের মূল্যপতন শুরু হয়। ঘোষণার পরদিনই তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও কমলে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।