অনলাইন প্রতারণার অভিযোগে কাঠমান্ডুতে ১৫ বাংলাদেশিসহ ১৯ জন গ্রেপ্তার
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনলাইন প্রতারণা বা স্ক্যাম সেন্টার পরিচালনার অভিযোগে ১৫ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার শহরের জনপ্রিয় পর্যটন এলাকা থামেল থেকে তাদের আটক করা হয়।
নেপাল পুলিশের কাঠমান্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানায়, প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে যে গ্রেপ্তারকৃতরা একটি চীনা নাগরিক পরিচালিত অনলাইন স্ক্যাম সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: হিজবুল্লাহ-ইসরাইল সংঘাতে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা
ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি বলেন, “চীনা নাগরিকটি বর্তমানে পলাতক। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের দাবি অনুযায়ী, আটক বাংলাদেশিদের অনেকেই এর আগে কম্বোডিয়ায় কাজ করেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কম্বোডিয়ায় পরিচিত চীনা অপারেটরদের মাধ্যমেই তারা নেপালে আসেন।
আরও পড়ুন: ভারতে বিদেশিদের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রটি মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করত এবং ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত।
পুলিশের প্রাথমিক ধারণা, এই চক্রের লক্ষ্য ছিল প্রধানত বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা।
গ্রেপ্তার হওয়া ১৯ জনকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের দেশে ফেরত পাঠানো (ডিপোর্টেশন) হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জানা গেছে, স্ক্যাম সেন্টার পরিচালনার জন্য পলাতক চীনা নাগরিক থামেল এলাকায় একটি পুরো হোটেল ভাড়া নিয়েছিলেন। হোটেলটির মাসিক ভাড়া ছিল প্রায় সাত লাখ নেপালি রুপি।
অভিযানকালে পুলিশ কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে।





