মারা গেছেন তোফায়েল আহমেদ
সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং মুক্তিযুদ্ধ ও গণ-আন্দোলনের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
আরও পড়ুন: কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ
তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে জানান, চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুন: সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট ও শপিংমল
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে তার নেতৃত্ব ও ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।





