জুনে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি, তাপপ্রবাহ আরও বাড়ার আশঙ্কা
জ্যৈষ্ঠের তীব্র খরতাপে দেশজুড়ে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। রাজধানী ঢাকাসহ দেশের ৪০টিরও বেশি জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১ জুন) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। এ মাসজুড়ে ২–৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, ৮ বিভাগে বৃষ্টির আভাস
পূর্বাভাসে আরও জানানো হয়, জুনে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদদের ব্যাখ্যায় বলা হয়েছে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
আরও পড়ুন: তিন জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
এছাড়া জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশে প্রবেশ করতে পারে। এ সময় ৫–৭ দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে ১–২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে, সেখানে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নরসিংদীতে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাঙামাটি ও কুমিল্লায় সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





