যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে না, জানাল দূতাবাস

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়ম ও শর্ত ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বিশেষ করে বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় কোন কাজ করা যাবে আর কোন কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন, তা স্পষ্ট করেছে দূতাবাস।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে দেশটিতে চাকরি বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হতে হলে সংশ্লিষ্ট কাজের উপযোগী ভিসা নিতে হবে।

আরও পড়ুন: কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী

দূতাবাসের বার্তায় বলা হয়, “ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।”

ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপরও গুরুত্ব দিয়েছে দূতাবাস। বার্তায় আরও বলা হয়, ভিসা সঠিকভাবে ব্যবহারের দায়িত্ব ভ্রমণকারীর নিজের।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসা মূলত সাময়িক ব্যবসায়িক সফর, পর্যটন এবং নির্দিষ্ট কিছু ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। বি১ ভিসায় ব্যবসায়িক বৈঠক, সম্মেলনে অংশ নেওয়া বা চুক্তি নিয়ে আলোচনার মতো অনুমোদিত কার্যক্রম করা যেতে পারে। তবে সাধারণভাবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে চাকরি করা বা স্থানীয় শ্রমবাজারে কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়ার অনুমতি নেই। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে ভিসার ধরন মিলিয়ে নেওয়া এবং অনুমোদিত কার্যক্রম ও শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।