চীনে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৬:১৮ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনে কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ১৬ জন । রোববার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে এই ঘটনায় পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা-সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনি নেতারা

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে সানজিয়াওশু কয়লা খনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার রোববার রাতে তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে এবং আগুনের ফলে ১৬ জন লোক খনিতে আটকা পড়েছিল।’

অবশ্য অগ্নিকাণ্ডে ঠিক কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদ কোনও বিবরণ দেওয়া হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

রয়টার্স  এক প্রতিবেদনে জানিয়েছে, গুইঝো পাঞ্জিয়াং রিফাইন্ড কোল কোম্পানির ফাইলিং অনুসারে, রোববার দক্ষিণ চীনের গুইঝো প্রদেশের পানঝৌ শহরে একটি কয়লা খনি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

সাংহাই-ভিত্তিক কমোডিটিস কনসালটেন্সি মিস্টিল অনুসারে, পানঝৌ শহরের সমস্ত কয়লা খনি একদিনের জন্য তাদের উৎপাদন কর্মকাণ্ড স্থগিত করেছে। অবশ্য গুইঝোয়ের খনি নিরাপত্তা প্রশাসন রয়টার্সকে বলেছে, তাদের কাছে পরিস্থিতি সম্পর্কে কোনও তথ্য নেই।

মিস্টিল অনুসারে, এই অঞ্চলটির প্রতি বছর প্রায় ৫২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে যার বেশিরভাগই কোকিং কয়লা।