নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৮
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার (২৪ জুলাই) সকালে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৯ জনের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। হিমালয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে,
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে।
আরও পড়ুন: ‘ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে, এখন চুক্তি করতে চায়’: ট্রাম্প
বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।
পৃথক প্রতিবেদনে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান
পোখারাগামী এই ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটেছে বলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন। বিমানটিতে ক্রু সদস্যসহ ১৯ জন আরোহী ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত (কোটেশ্বর পাশ) থেকে উড্ডয়নের সময় হঠাৎ উল্টে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। তারপরে বিমানটি বুদ্ধ এয়ার হ্যাঙ্গার এবং রাডার স্টেশনের মধ্যে রানওয়ের পূর্ব দিকে একটি নিচু অংশে পড়ে যায়।





