ঢাকার সঙ্গে আরও জোরদার সম্পর্ক দেখতে চায় দিল্লি: রণধীর জয়সওয়াল
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি জানান, লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লার দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল
জয়সওয়াল যোগ করেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছে ভারত।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া চুক্তি, কমেছে বিশ্ববাজারে তেলের দাম
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কোন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





