মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ২ বাংলাদেশি, আহত ৭

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৪৭ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমান-এ বসবাসরত সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ রয়েছেন। আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি প্রাণ হারান। এছাড়া বাহরাইন-এ আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় সেখানে তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাজ্যে এত ঘন ঘন প্রধানমন্ত্রী বদল হচ্ছে কেন?

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের রাজধানী মানামা-য় অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে কুয়েত-এ ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল আছেন। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

আরও পড়ুন: দুই দিনে ১৮ জনের মৃত্যু, তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

এ ছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর-এ অবস্থান করছে। দূতাবাস কর্তৃপক্ষ জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। অঞ্চলটিতে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।