ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে এক্সপার্টস বা বিশেষজ্ঞ ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন: হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়, তেহরানে পুরোনো পার্লামেন্ট ভবনে অবস্থিত পরিষদের আরেকটি কমপ্লেক্সেও রাতভর হামলা হয়েছে।

অন্যদিকে অ্যাক্সিওসের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের লক্ষ্যে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একটি আনুষ্ঠানিক বৈঠক চলাকালে বিমান হামলাটি চালানো হয়। এতে পরিষদের বেশ কয়েকজন সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদক প্রদান

ইরানের সংবিধান অনুযায়ী, অ্যাসেম্বলি অব এক্সপার্টস ধর্মীয় আলেমদের একটি গুরুত্বপূর্ণ পরিষদ, যার সদস্য সংখ্যা ৮৮। সর্বোচ্চ নেতা নিয়োগ ও তার কার্যক্রম তদারক করাই এ পরিষদের প্রধান দায়িত্ব।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।