ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’, বললেন ট্রাম্প

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ৫:৫৮ অপরাহ্ন, ১১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে ইরানের পাঠানো প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমার এটা পছন্দ হয়নি— ইরানের এই জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

জানা গেছে, গত সপ্তাহের মঙ্গলবার যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠায় যুক্তরাষ্ট্র। সেই খসড়ায় যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ৩০ দিনের আলোচনার প্রস্তাব রাখা হয়।

এর জবাবে রোববার পাকিস্তানের মাধ্যমেই লিখিত প্রতিক্রিয়া পাঠায় ইরান। পরে সেই জবাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়। ইরানের জবাব পৌঁছানোর কিছু সময় পরই ট্রাম্প তার প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ইরানের পরমাণু প্রকল্প ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে ইরান তাদের জবাবে এই বিষয়টি এড়িয়ে গিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত, বিশেষ করে লেবাননে যুদ্ধ বন্ধ এবং অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছে।

এ ছাড়া ইরান তাদের জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার বজায় রাখার বিষয়েও জোর দিয়েছে তেহরান।

বিশ্লেষকদের মতে, দুই দেশের অবস্থানে বড় ধরনের পার্থক্য থাকায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।