উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ১১:৫৬ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বিভিন্ন জেলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) ভাদোহী, ফতেহপুর, বুধাউনসহ মোট পাঁচটি জেলায় এই হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা, নতুন লক্ষ্যবস্তুতে হামলার ইঙ্গিত ট্রাম্পের

জেলার ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী, ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের কারণে আরও কয়েকটি এলাকায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ভারী বৃষ্টির কারণে ভাদোহীর বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্ন ঘটায় উদ্ধার ও যোগাযোগ কার্যক্রম ব্যাহত হয়।

আরও পড়ুন: ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলা, নিহত ১

স্থানীয় প্রশাসন জানিয়েছে, খাগা তেহসিলে একাই ৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরও এক নারীর মৃত্যু হয়েছে।

ঝড়ের ফলে ফতেহপুরে মোট ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ভাদোহী পুলিশের পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার) পোস্টে জানানো হয়, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঝড় ও অতিবৃষ্টিতে শুধু মানুষই নয়, গবাদি পশু ও ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এনডিটিভি