সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আগামী সোমবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে তার সরকারের দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।
রোববার (২১ জুন) বার্তাসংস্থা রয়র্টাস জানায়, অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেয়ার স্টারমার সোমবার পদত্যাগ করে নিজের বিদায়ের একটি সময়সীমা নির্ধারণ করতে পারেন।
আরও পড়ুন: হরমুজ প্রণালি নিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের
গত কয়েক মাস ধরেই স্টারমারের প্রধানমন্ত্রিত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। শুক্রবার পরিস্থিতি আরও জোরালো হয়, যখন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি আসনে জয় লাভ করেন। এর ফলে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে স্টারমারের অবস্থান নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অবজারভারের প্রতিবেদনে আরও বলা হয়, পদত্যাগের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। লেবার পার্টির শীর্ষ নেতারাও সোমবারের মধ্যে এ বিষয়ে তার কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে আগ্রহী।
আরও পড়ুন: লিপ কিস বাবাকে ঘিরে তোলপাড়, ভিডিও ভাইরাল
এর আগে শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি লেবার পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাধ্যমে দলকে বিভক্ত না করতে।
২০২৪ সালের নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় ধরনের জয় অর্জন করেছিল। তবে দুই বছরের মধ্যেই তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সমালোচকদের মতে, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি ভোটারদের দিয়েছিলেন, তা বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।





