হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার পর ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি অবিলম্বে অবরোধ প্রত্যাহার না করে, তাহলে দেশটি ভয়াবহ পরিণতির মুখে পড়বে এবং প্রয়োজনে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের হাতে নেবে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আপনারা যদি হরমুজ বন্ধের আদেশ প্রত্যাহার না করেন, তাহলে নিজেদের দেশকে হারাবেন, সবকিছু হারাবেন। এমনকি ইরানের যেসব প্রতিনিধি বর্তমানে সুইজারল্যান্ডে আলোচনায় রয়েছেন, তারাও দেশে ফিরতে পারবেন না।”

আরও পড়ুন: সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার

এর আগে শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় প্রতিবাদ হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেয় ইরান। তেহরানের দাবি, ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননে সংঘাত বন্ধ করা। কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে যাওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সুইজারল্যান্ডে একটি সম্ভাব্য স্থায়ী শান্তি চুক্তির খসড়া ও শর্ত নিয়ে আলোচনা চলছে। গত ১৭ জুন দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: ইরান যুদ্ধের চুক্তি নিয়ে ট্রাম্পের সমালোচনা, বিতর্কে রিপাবলিকান নেতারা

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “যদি প্রয়োজন হয়, আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেব। তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে আমরা টোল আদায় শুরু করব।”

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে হরমুজ প্রণালি ব্যবহারকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজকে বহন করা পণ্যের বাজারমূল্যের ২০ শতাংশ কর বা টোল দিতে হবে।

ট্রাম্পের ভাষ্য, “হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্য-পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার ব্যয় করছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথটি সুরক্ষিত রাখার জন্য এই টোল যুক্তরাষ্ট্রের প্রাপ্য।”

এদিকে ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক বিবৃতিতে বলেন, “শব্দ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও সতর্ক হওয়া উচিত। ইরানের প্রতিরক্ষা বাহিনী যে কোনো মার্কিন হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত।”

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এই পথ দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের বড় একটি অংশ পরিচালিত হয়। ফলে প্রণালিটি ঘিরে নতুন উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: এপি