আমি ভেবেছিলাম ইরানের মানুষ খামেনিকে তীব্র ঘৃণা করে: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২৯ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যানুষ্ঠানে সাধারণ মানুষের কান্না ও স্বতঃস্ফূর্ত শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে ঘৃণা করত।

রোববার (৫ জুলাই) পাকিস্তানি গণমাধ্যম ডন–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: খামেনির জানাজা সম্পন্ন, তেহরানে লাখো মানুষের সমাগম

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির মৃত্যুর পর ইরানের মানুষের আবেগঘন প্রতিক্রিয়া দেখে তার আগের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

ট্রাম্পের ভাষায়, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। তবে শেষকৃত্যের দৃশ্য দেখে তিনি মন্তব্য করেন, হতে পারে এগুলো ভুয়া কান্না।

আরও পড়ুন: অনেকদিন পর জনসম্মুখে আইআরজিসি প্রধান

একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, খামেনির শেষকৃত্যে উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র চাইলে মুহূর্তের মধ্যেই সামরিক হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, তারা সবাই সেখানে রয়েছে। একটি মাত্র আঘাতে আমরা তাদের সবাইকে শেষ করে দিতে পারি।

তবে এমন কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা তার নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, এমনটি করলে ভবিষ্যতে আলোচনার জন্য অপর পক্ষের কেউ অবশিষ্ট থাকবে না।

ট্রাম্প আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও দাবি করেন, শেষকৃত্য চলাকালে উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের গুলিবর্ষণ বা সামরিক হামলা হবে না।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অংশ হিসেবেই জানাজা চলাকালে এক সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ দেওয়া হয়েছে।