রামিসা হত্যা মামলায় আদালতে সোহেল রানা ও স্ত্রী স্বপ্না
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। আসামিদের উপস্থিতিতে আজ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা আক্তার বাসা থেকে বের হলে আসামি সোহেল রানা কৌশলে তাকে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান।
আরও পড়ুন: শিশু রামিসা হত্যায় নতুন নাম ডলার নিয়ে রহস্য তৈরি!
এরপর ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করেন তিনি। সেখানে সোহেল ও স্বপ্নার শোবার ঘরে রামিসার মাথাবিহীন মরদেহ এবং একটি বালতির মধ্যে তার মাথা দেখতে পান। ঘটনাস্থলে স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিনই শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে আটক করে পুলিশ।
আরও পড়ুন: রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
পরদিন ২০ মে আদালতে সোহেল রানা ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিনে আদালত স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় অভিযোগ গঠন শুনানির মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হচ্ছে।





