ঘরে রোদ আসে না? কম আলোতেও টিকে থাকবে এই ৫ গাছ
অনেকের বাসা বা অফিসে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ঢোকে না। জানালার অবস্থান, ভবনের ঘনত্ব কিংবা ঘরের ভেতরের অবস্থানের কারণে অনেক জায়গাতেই সরাসরি সূর্যের আলো পাওয়া কঠিন। তবে তাই বলে ঘরে গাছ রাখা যাবে না—এমনটা নয়।
কোনো গাছই একেবারে আলোহীন পরিবেশে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না। সালোকসংশ্লেষণের জন্য সবুজ উদ্ভিদের কিছুটা আলো প্রয়োজন। তবে এমন কিছু ইনডোর প্লান্ট রয়েছে, যেগুলো খুব কম ও পরোক্ষ আলোতেও ভালোভাবে টিকে থাকতে পারে। উত্তরমুখী ঘর, অফিসের আবছা কোণ কিংবা এমন করিডোর যেখানে সরাসরি রোদ পৌঁছায় না—এসব জায়গার জন্য এসব গাছ বেশ উপযোগী।
আরও পড়ুন: উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজন কত, জানুন সহজেই
১. জেডজেড প্ল্যান্ট
কম আলো ও অনিয়মিত পরিচর্যা সহ্য করার ক্ষেত্রে জেডজেড প্ল্যান্ট অন্যতম। এর পুরু, মোমের মতো পাতা এবং মাটির নিচের রাইজোমে পানি ও শক্তি জমা থাকে। ফলে সপ্তাহের পর সপ্তাহ কম আলো এবং অনিয়মিত পানিসেচনেও গাছটি টিকে থাকতে পারে।
আরও পড়ুন: স্বাস্থ্যকর ভেবে যে ৬ খাবার খাচ্ছেন, আসলে কতটা উপকারী?
উজ্জ্বল আলোর তুলনায় কম আলোতে এর বৃদ্ধি কিছুটা ধীর হয়। তবে চকচকে গাঢ় সবুজ পাতার কারণে ঘরের অল্প আলোর কোণও এটি সুন্দর করে তুলতে পারে।
২. স্নেক প্ল্যান্ট
সহজে মরে না—ইনডোর প্লান্ট হিসেবে স্নেক প্ল্যান্টের এমন খ্যাতি রয়েছে। কম আলো সহ্য করার ক্ষমতাই এর অন্যতম কারণ। স্নেক প্ল্যান্ট তুলনামূলক কম আলোতেও বেঁচে থাকতে পারে। তাই আবছা শোবার ঘর কিংবা সরাসরি সূর্যের আলো না পাওয়া জায়গার জন্য এটি ভালো বিকল্প। তবে জানালাবিহীন একেবারে অন্ধকার ঘরে দীর্ঘদিন রাখা ঠিক নয়।
৩. মানি প্ল্যান্ট
কম প্রাকৃতিক আলো পাওয়া বাসার জন্য মানি প্ল্যান্ট বেশ জনপ্রিয়। এর লতানো ডালপালা কম আলোতেও ভালোভাবে টিকে থাকতে পারে। তবে আলো কম হলে পাতার বৈচিত্র্যময় রং কিছুটা কমে গিয়ে পাতা তুলনামূলক বেশি সবুজ হয়ে যেতে পারে। অনিয়মিত পানিসেচনাও এটি অন্যান্য অনেক গাছের তুলনায় ভালোভাবে সহ্য করতে পারে।
৪. কাস্ট আয়রন প্ল্যান্ট
নামটির মতোই বেশ শক্তপোক্ত কাস্ট আয়রন প্ল্যান্ট। কম আলো, তাপমাত্রার কিছুটা ওঠানামা এবং অনিয়মিত পরিচর্যাও এটি তুলনামূলক ভালোভাবে সহ্য করতে পারে। এর চওড়া ও গাঢ় সবুজ পাতাগুলো ধীরে ধীরে বাড়ে। এই ধীর বৃদ্ধি গাছটির কম যত্নের প্রয়োজনীয়তারই একটি বৈশিষ্ট্য। ঘরের ছায়াযুক্ত জায়গায় এটি দীর্ঘদিন রাখা যায়।
৫. পিস লিলি
কম আলোতেও মানিয়ে নিতে পারে পিস লিলি। এর চকচকে সবুজ পাতা অল্প আলোতেও ভালো থাকে। তবে নিয়মিত কিছুটা উজ্জ্বল ও পরোক্ষ আলো না পেলে এর সাদা ফুল কম ফুটতে পারে। যেসব ঘরে সরাসরি সূর্যের আলো নেই, কিন্তু পুরোপুরি অন্ধকারও নয়, সেখানে পিস লিলি বেশ ভালো বিকল্প হতে পারে।
একেবারে অন্ধকারে নয়
কম আলো সহ্য করতে পারলেও এসব গাছকে দীর্ঘদিন সম্পূর্ণ অন্ধকারে রাখা উচিত নয়। কোনো গাছেরই সালোকসংশ্লেষণের জন্য আলো প্রয়োজন। তাই ঘরে প্রাকৃতিক আলো খুব কম হলে সম্ভব হলে গাছকে পরোক্ষ আলোর কাছাকাছি রাখা যেতে পারে।
অল্প আলো পাওয়া ঘরকে সবুজ ও সতেজ রাখতে জেডজেড প্লান্ট, স্নেক প্ল্যান্ট, মানি প্লান্ট, কাস্ট আয়রন প্লান্ট ও পিস লিলি হতে পারে কার্যকর পছন্দ।





