খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজা বাসভবনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবনে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

দুই দিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসেন ইসহাক দার। এদিন দুপুর দুইটার দিকে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম।

ইসহাক দার ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে রাজনৈতিক পরিসর এবং দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করার বিষয়ে পাকিস্তান পক্ষ অঙ্গীকার ব্যক্ত করে।

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

রোববার সকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন এবং পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইসহাক দারের উপস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি কর্মসূচি (প্রোগ্রাম) স্বাক্ষরিত হয়।