সৌদি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ অক্টোবর রিয়াদে শুরু হতে যাওয়া ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই-৯) সম্মেলনে অংশ নিতে তিনি এই সফর করবেন।

রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী এই বৈশ্বিক বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তিনি আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এর আগে, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০১৭ সালের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি সরকার প্রধানকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই ৯)’–এর এই নবম সংস্করণে অংশ নিচ্ছেন, সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ও সৌদি আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের প্রধান ও রাষ্ট্রপতির বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিও গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন

এ ছাড়া, সম্মেলনে যোগ দেবেন বিশ্বের শীর্ষ বিনিয়োগ ও প্রযুক্তি ব্যক্তিত্বরা, গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট রুথ পোরাট, গুগলের সাবেক সিইও ড. এরিক স্মিডট, সিটিগ্রুপের সিইও জেন ফ্রেজার, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা রে ডালিও, এবং স্ন্যাপ ইনক.-এর সিইও ইভান স্পিগেল প্রমুখ।

সম্মেলনের মূল আলোচ্য বিষয়, বৈশ্বিক আয়ের বৈষম্য মোকাবিলা, মুক্ত বাণিজ্যের ভূ-রাজনৈতিক প্রভাব, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নেতৃত্ব, শক্তি রূপান্তর ও জলবায়ু চ্যালেঞ্জ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।