ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে লড়বেন খালেদা জিয়া

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:১৯ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণার পরবর্তী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে প্রার্থী হিসেবে অংশ নেবেন।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলো প্রার্থী দেবে, সেখানে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হবে।”

ঢাকা পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব আরও জানান, প্রার্থী তালিকা নির্ধারণে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করা হচ্ছে। এতে যাচাই-বাছাই করে যোগ্য ও জয়ী হওয়ার মতো প্রার্থী চূড়ান্ত করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।